পিকনিকের নৌকা হার্ডিং ব্রিজের গার্ডারের সাথে ধাক্কা লেগে নদীতে পড়ে নিখোঁজ হন রাকিবুজ্জামান রকি নামে এক ছাত্রদল নেতা। দীর্ঘ ৩৮ ঘণ্টা পর পদ্মার শাখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঈশ্বরদী উপজেলার চরকুড়লিয়া আকাতের ঘাট এলাকায় মরদেহটি পাওয়া যায়।
চরকুড়ুলিয়া গ্রামের স্কুল শিক্ষক সেলিম রেজা জানান, রোববার সকাল ৯টার দিকে চরকুড়লিয়া গ্রামের আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদীতে একজনের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে নৌ-পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। এর আগে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে ১২৩ জন যাত্রী বহনকারী পিকনিকের নৌকা (ট্রলার) ব্রিজের গার্ডারে ধাক্কা লেগে প্রথমে ৩ জন নিখোঁজ হন। পরে দুইজনকে উদ্ধার করা হলেও রকি নিখোঁজ ছিল। নিখোঁজ ছাত্রদল নেতা রকি ঝিনাইদহ জেলার শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব।
পিকনিকে নৌকায় থাকা যাত্রীরা জানান, শুক্রবার সকালে কুষ্টিয়ার কাতলাগাড়ী গড়াই নদী থেকে পদ্মা নদীতে নৌকাযোগে পিকনিকে বের হয় প্রায় শতাধিক ভ্রমণকারী। ভ্রমণ শেষে ফেরার পথে রাতে হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগে। এ সময় ছাত্রদল নেতা রকিসহ তিনজন নদীতে ছিটকে পড়েন। কিছুক্ষণ পরেই নৌপুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে মো. লিটন (৩৮) ও মো. ওয়াহাব (৪৫) নামে দুজনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ রয়ে যায় ছাত্রদল নেতা রকি। লক্ষ্ণীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার ট্রলার থেকে পড়ে তিনজন নিখোঁজ হন। নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে দুজনকে জীবিত উদ্ধার করেছেন। একজন নিখোঁজ ছিল আজ রোববার সকাল সাড়ে ১০টার সময় চরকুড়লিয়া গ্রামের আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদী থেকে রকির লাশ উদ্ধার করা হয়েছে।