দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের অ্যারাবিয়া রহমানিয়া মাদ্রাসায় দোতলার ছাদের ওপর থেকে লোহার দরজা চুরি করে কার্ণীশ বেয়ে নামার সময় পা পিছলে নিচে পড়ে একই গ্রামের মোঃ রফিক শেখের পুত্র সায়েম শেখ(৩০) মারা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রাম (২ নং ওয়ার্ড) নিবাসী মোঃ রফিক শেখের পুত্র সায়েম শেখ একই এলাকার অ্যারাবিয়া রহমানিয়া মাদ্রাসার দোতলা ভবনের ছাদ থেকে লোহার দরজা চুরি করে নামার সময় পা পিছলে নিচে পড়ে মারা গেছে।
এলাকাবাসী গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে সায়েমকে উক্ত ভবনের নিচে মাটিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ হাও সানওয়ার হুসাইন খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পুলিশের এক সূত্রে জানা গেছে মৃত সায়েম নেশা আসক্ত ছিল। নেশার চাহিদা পূরণ করতে সে এর পূর্বেও এ ধরণের চুরি করত। দিঘলিয়া থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।