তানোরে কালীমাতার দেবোত্তর সম্পত্তি দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) : | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৯ পিএম
তানোরে কালীমাতার দেবোত্তর সম্পত্তি দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন

রাজশাহীর তানোর উপজেলার শিবরামপুর কালীমাতার নামে রেকর্ডভুক্ত দেবোত্তর ১৫ বিঘা জমি সম্পত্তি দখল মুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের ১ শ' পরিবারের প্রায় ৩ শতাধিক নারী পুরুষ। শুক্রবার বেলা ১১ টার দিকে শিবরামপুর গ্রামের পাঁকা রাস্তার ধারে জমির পার্শ্বে প্রায় ঘন্টা ব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। 

শিবরামপুর কালী মাতা মন্দির কমিটির সভাপতি আকাশ মাহাতো বলেন, শিবরামপুর মৌজায় কালীমাতা মন্দিরের নামে ১৫ বিঘা ৪ শতক সম্পত্তি ১৯২০ সাল, ১৯৬২ সাল ও ১৯৭২ সালের রেকর্ডে কালীমাতা মন্দির কমিটির পক্ষে গ্রামের রোহিনী মাহাতো ও জঞ্জালী মাহাতো নামে রেকর্ডীয় সম্পত্তি। তাদের মৃত্যুর পর দীর্ঘদিন ধরে সম্পত্তি গুলো  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নতুনহাট নামো শংকর বাটি এলাকার খাইরুল ইসলাম, নুরুল ইসলাম ও কায়েম আলীসহ বেশ কয়েকজন জবর দখল করে আছেন। এঘটনায় মন্দির কমিটির সভাপতি প্রতিকার চেয়ে গত ১৬  আগষ্ট ২০২৬ রাজশাহী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। পরে একই ঘটনার বিষয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার বরাবরও পৃথক একটি অভিযোগ দায়ের করা হয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহন না করায় আমরা জমি উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছি বলে জানান মন্দির কমিটির সাধারণ সম্পাদক  হেমন্ত কুমার মাহাতো। 

তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান বলেন, অভিযোগ পেয়েছি ব্যবস্থা নিতে সময় লাগবে বলেও জানান তিনি। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুল হাসান বলেন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের খবর জানা নেই। জমি জমার বিষয়ে ভূমি অফিস ও আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে। তবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে এবং অভিযোগ দিলে ব্যবস্থা নেযা হবে বলে জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে