সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সাহসিকতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ আগস্ট মাসের শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন চাঁদপুর ট্রাফিক পুলিশের তিন কৃতি সদস্য। পুরস্কৃত হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন-ট্রাফিক পুলিশের টিআই (এডমিন) প্রবীর কুমার দাস, এটিএসআই মোজাম্মেল হোসেন এবং সার্জেন্ট আতিকুল ইসলাম শিমুল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
জেলা সূত্রে জানা যায়, সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও পেশাদারিত্ব প্রদর্শনের জন্য টিআই (এডমিন) প্রবীর কুমার দাস ও এটিএসআই মোজাম্মেল হোসেনকে এই সম্মাননা দেওয়া হয়। এছাড়া আগস্ট মাসে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ মামলার জরিমানা আদায়ের বিশেষ অবদান রাখায় সার্জেন্ট আতিকুল ইসলাম শিমুলকে পুরস্কৃত করা হয়। পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরের পরিচালনায় কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন। পুরস্কার প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় টিআই (এডমিন) প্রবীর কুমার দাস বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, এটি চাঁদপুর ট্রাফিক পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা সবসময় পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছি। আইন প্রয়োগের পাশাপাশি চালক ও সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে পারলে চাঁদপুরের সড়ক ব্যবস্থাকে আরও নিরাপদ করা সম্ভব।”