বাগেরহাটের মোল্লাহাটে টিনের চাল খুলে একটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা নগদ ৫ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন নিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। একই সঙ্গে গৃহকর্তা আব্দুল হাকিম বাবু দাবি করেছেন, তাকে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করেছিল। তবে ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।
গত ৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে উপজেলার ভান্ডারখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
গৃহকর্তা আব্দুল হাকিম বাবু জানান, তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় থেকে ব্যবসা করেন। ঘটনার দিন জমিসংক্রান্ত বিরোধের একটি মামলায় হাজিরা দিতে বাগেরহাট আদালতে আসেন তিনি। পরে ওই দিনই ঢাকায় ফিরে যান। এ সুযোগে অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে টিনের চাল খুলে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণের চেইন নিয়ে যায়।
আব্দুল হাকিম বাবুর অভিযোগ, জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ বা তাদের ভাড়া করা দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে থাকতে পারে। কিন্তু তাকে বাড়িতে না পেয়ে ঘরে থাকা মালামাল নিয়ে তারা পালিয়ে যায়।
তিনি জানান, এ ঘটনায় মোল্লাহাট থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ওই বিষয়ে মুঠোফোনে বারবার চেষ্টা করলেও রিসিভ না করায় থানা অফিসার ইনচার্জ কাজী রমজানুল হকের বক্তব্য পাওয়া যায়নি।