মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি বিষধর মনোক্লেড কোবরা (গড়হড়পষবফ ঈড়নৎধ) সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কমলগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে জাপানী বাড়ি মুজাহিদ মঞ্জিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাপান প্রবাসী মুজাহিদ আলী, ২ নম্বর পানিশালা, কমলগঞ্জ-এর বাড়ির সিঁড়ির নিচে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পরিবারের সদস্যরা কয়েকটি সাপ দেখতে পান।
বিষধর সাপের উপস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে সাপগুলো উদ্ধারের জন্য তাৎক্ষণিক তারা রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ও শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ।
উদ্ধারকারীরা সিঁড়ির নিচে তল্লাশি চালিয়ে দেখতে পান, সেখানে থাকা সাপগুলো মনোক্লেড কোবরা প্রজাতির। পরে সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে একে একে মোট পাঁচটি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধার করা সাপগুলো পরে শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সাপগুলোকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সজল দেব জানান, বিষধর সাপ সাধারণত মানুষের বসতবাড়িতে আশ্রয় নিলে আতঙ্ক তৈরি হয়। তবে এ ধরনের সাপ দেখলে না মেরে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন্যপ্রাণী বিভাগ বা প্রশিক্ষিত বন্যপ্রাণী উদ্ধারকর্মীদের খবর দেওয়া উচিত।