বাগেরহাটের চিতলমারীতে হাবিবা ক্লিনিক এন্ড বারিশ ডায়াগনস্টিক সেন্টারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ও রোগীর অসুস্থতার অভিযোগে মানববন্ধন ও বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগের বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক ছাব্বির আহম্মেদ রূপম। বুধবার ( ৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় হাবিবা ক্লিনিক এন্ড বারিশ ডায়াগনস্টিক সেন্টারের এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ছাব্বির আহম্মেদ রূপম সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে তিনি সুনামের সাথে হাবিবা ক্লিনিক এন্ড বারিশ ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে আসছেন। এলাকার অনেক গরীব অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়ার পাশাপাশি বিভিন্ন সেবামুলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন তিনি। তার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার জন্য একটি কুচক্রী মহল নানাভাবে অপপ্রচার ও ষড়যন্ত্র করছে। গত ২৭ জুলাই লাভলী ঘরামী নামে এক রোগী সিজারের জন্য তার ক্লিনিকে ভর্তি হয়। ওই রোগীকে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সিজারিয়ান করা হয়। এ সময় লাভলী ঘরামী একটি প্রতিবন্ধী শিশুর জন্ম দেন। ওই শিশুটির মুখের তালুতে সমস্যা থাকায় খাবার গ্রহনে অক্ষম ছিল। জন্মের পর শিশুটি গুরুতর অসুস্থ হওয়ায় তাকে গোপালগঞ্জ হাসপাতালের (আইসিইউ) তে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ৭দিন পর শিশুটির মৃত্যু হয়। এছাড়া লাভলী ঘরামীকে মোবাইলের আলো জ্বেলে তাকে অপারেশন করায় তার জরায়ু ও মুত্রনালি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে যে অভিযোগ করেছেন সেটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাদের ক্লিনিকে একাধিক জেনারেটর রয়েছে। বিদ্যুৎ চলে গেলে জেনারেটর চালু রেখে ক্লিনিকের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করা হয়। সাংবাদিকদের মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে একটি কুচক্রী মহল তার ক্লিনিকের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে বলে তিনি এর তীব্র নিন্দাও প্রতিবাদ জানান।