সৈয়দপুরে মাদক নির্মূলে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ এএসপির

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১৯ পিএম
সৈয়দপুরে মাদক নির্মূলে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ এএসপির

মাদক নির্মূলে সৈয়দপুর উপজেলার ছয় ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের আরও সক্রিয় ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রত্যন্ত এলাকায় মাদকসেবী ও কারবারিদের বিষয়ে দ্রুত পুলিশকে তথ্য দেওয়ার পরামর্শ দিয়েছেন সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ওয়াহিদুন্নবী ও সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সৈয়দপুর থানা চত্বরে উপজেলার ছয় ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তারা এসব নির্দেশনা দেন।

এ সময় এএসপি ওয়াহিদুন্নবী বলেন, মাদককে চিরতরে বিদায় জানাতে হবে। মাদক নির্মূলের কোনো বিকল্প নেই। মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, আগামী প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে এখন থেকেই প্রতিটি এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। গ্রামের কোথাও মাদক কারবার, মাদক সেবন কিংবা নতুন করে মাদকের বিস্তার ঘটছে কি না সেদিকে গ্রাম পুলিশ সদস্যদের বিশেষ নজর রাখতে হবে। সৈয়দপুর থানার ওসি মো. রেজাউল করিম রেজা বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তবে শুধু পুলিশের একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়। এজন্য তৃণমূল পর্যায়ে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, কোনো এলাকায় মাদক ব্যবসা বা মাদকসেবনের তথ্য পাওয়া গেলে তা দ্রুত পুলিশকে জানাতে হবে। তথ্যদাতার পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ কর্মকর্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়। মতবিনিময়কালে ছয় ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা নিজ নিজ এলাকার মাদক পরিস্থিতি সম্পর্কে পুলিশ কর্মকর্তাদের অবহিত করেন এবং মাদক নির্মূলে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে