চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে মাদক, ছিনতাই ও অনৈতিক কর্মকাণ্ড নির্মূলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাতে রহনপুর আম আড়ৎদার সমবায় সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
মাদক, ছিনতাই ও অনৈতিক কর্মকাণ্ড নির্মূল কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ছিলেন রহনপুর আম সমবায় সমিতির সহসভাপতি শামীম রেজা, সহসভাপতি শামসুল হক, আম আড়তদার বহুমুখী সমিতির সভাপতি আকবর হোসেন, আম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান বাবু এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধি হাবিবুর রহমান হবি। এছাড়া সাংবাদিকদের মধ্যে আসাদুল্লাহ আহমদ, ইয়াহিয়া খান রুবেল, শফিকুল ইসলাম,আল মামুন বিশ্বাস, দেলোয়ার হোসেন রনি, নুরুজ্জামান,আব্দুল্লাহ আল মামুন নাহিদ, নুর মোহাম্মদ, মনিরুল ইসলাম দোয়েল, শহিদুল ইসলাম, এমরান আলী বাবু নাইন, আলাউদ্দিন পারভেজ, সামিরুল ইসলামসহ অনেকে। মতবিনিময় সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক, ছিনতাই ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী, শ্রমিক, সাংবাদিক ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। সভায় রহনপুরকে মাদক ও অপরাধমুক্ত করতে ভবিষ্যতে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।