ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৩৩

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩৯ পিএম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৩৩
ছবি: সংগ্রহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৩ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১ জনে। আর জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৮২৩ জন।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৯৭ জনের। এর মধ্যে জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন মারা গেছেন। সেপ্টেম্বরে প্রথম সাত দিনে মৃত্যু হয়েছে আরও ২৪ জনের। সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১২১ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে, ২৩৫ জন। চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছেন ১৯৮ জন এবং বরিশাল বিভাগে ১৫৩ জন।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪৩ জন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ২২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে রাজশাহী বিভাগে ৯৯ জন, রংপুর বিভাগে ৩৬ জন এবং সিলেট বিভাগে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৩ হাজার ৮২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪০ হাজার ৬১০ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩ হাজার ৯২ জন।

এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছিল। ওই সময়ে নতুন করে ১ হাজার ৫৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ফলে পরপর দুই দিনেই ডেঙ্গুতে চারজন করে মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আপনার জেলার সংবাদ পড়তে