মোহনপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিদের চেয়ারে ওসি

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১৭ পিএম
মোহনপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিদের চেয়ারে ওসি
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের মঞ্চে অতিথিদের চেয়ারে বসে পড়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ওই অনুষ্ঠান হয়। কেশরহাট পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল হক মিলন। ওই অনুষ্ঠানের একটি ছবিতে দেখা গেছে, মঞ্চে সংসদ সদস্য শফিকুল হক মিলন বসে আছেন। তাঁর পাশে দলীয় একজন নেতা বক্তব্য রাখছেন। বক্তার বাঁ পাশে দুজনের পরের চেয়ারেই সাদাপোশাকে বসে আছেন মোহনপুর থানার ওসি মিজানুর রহমান। রাজনৈতিক দলের মঞ্চে ওসির সাদাপোশাকে বসে থাকার বিষয়টি নিন্দনীয় বলছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী। তিনি বলেন, ‘একজন রাষ্ট্রীয় কর্মচারী প্রশাসনিক পদে থাকা অবস্থায় বিএনপির মঞ্চে থাকা নিন্দনীয়। পাশাপাশি এটি বিএনপিরও রাজনৈতিক অদূরদর্শিতা এবং অজ্ঞতা।’ তিনি বলেন, ‘এগুলো থেকে বিএনপি যদি সচেতনভাবে নিজেদের দলকে ধরে রাখতে না পারে, সেক্ষেত্রে বিএনপিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ইতিপূর্বে আওয়ামী লীগ আমলে আমরা এ রকম বহু নজির দেখেছি এবং আওয়ামী লীগকে এরমূল্যও দিতে হয়েছে। আমরা চব্বিশের জুলাই পরবর্তী সময়ে বিএনপির কাছ থেকে এ ধরনের বিষয় আশা করি না।’ বিএনপির অনুষ্ঠানমঞ্চে সাদাপোশাকে বসে থাকার ব্যাপারে জানতে চাইলে ওসি মিজানুর রহমান বলেন, ‘এটা আসলে অনুষ্ঠান শুরুর আগে।’ ওসি স্বীকার করেন, চাকরিবিধি অনুযায়ী তিনি রাজনৈতিক দলের অনুষ্ঠানমঞ্চে বসতে পারেন না। তবে তিনি ‘ডিউটিতে’ গিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শুরুর আগে খানিকটা সময় বসেছিলেন বলে দাবি করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলার সাবেক আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু বলেন, ‘দায়িত্বশীল ওসি কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে অতিথির মঞ্চে বসে থাকতে পারে না। ওসি সেখানে ডিউটিতে গেলে অবশ্যই পুলিশের পোশাক পরে থাকা উচিত ছিল। সাদাপোশাকে মঞ্চে বসা কোনোভাবেই ঠিক হয়নি। কারণ তিনি জনগণের ওসি। একক কোনো দলের ওসি নয়। রাষ্ট্রের প্রতিষ্ঠানে নিরপেক্ষতা অক্ষুণ্ন থাকুক, আমরা এটাই চাই।’ জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, ওই অনুষ্ঠানের ছবি এবং ভিডিও তিনি দেখেছেন। ওসির সঙ্গে তিনি কথাও বলেছেন।’ ওসির ভাষ্য, অনুষ্ঠানে নিরাপত্তার জন্য থাকা পুলিশের দলের সঙ্গে তিনি ছিলেন। অনুষ্ঠান শুরুর আগে কেউ একজন ডাকলে তিনি মঞ্চে যান।সাবিনা ইয়াসমিন বলেন, তিনি প্রশিক্ষণের জন্য ঢাকায় আছেন। দুইদিন পর ফিরে বিষয়টি নিয়ে পুলিশ সুপারের সঙ্গে আলাপ করবেন।
আপনার জেলার সংবাদ পড়তে