চলতি মাসেই মাঠে গড়াতে যাচ্ছে এশিয়ান গেমসের আসর। আগের আসরগুলোতে ক্রিকেটে দ্বিতীয় সারির দল পাঠানোর রীতি থাকলেও এবার মূল দল পাঠাচ্ছে বাংলাদেশসহ প্রায় সব দেশই। বাংলাদেশ দল স্বর্ণ পদক জয়ের লক্ষ্যে জাপানে উড়াল দেওয়ার আগে ঘরের মাঠে লম্বা প্রস্তুতি সারবে। আগামী রোববার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই ক্যাম্প। শেষ হবে আগামী ২৪ সেপ্টেম্বর। ২০১০ এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে প্রথমবার অংশ নিয়ে স্বর্ণ পদক জিতেছিল বাংলাদেশ। পরে ২০১৪ ও ২০২২ সালে ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবার সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে সেরা ফলের পুনরাবৃত্তি করতে চায়। এর আগে এশিয়ান গেমসকে সামনে রেখে সম্ভাব্য সেরা দলই ঘোষণা করেছে বিসিবি। লম্বা সময় পর নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদকে দলে ফেরানো হয়েছে। দুজনই সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৫ সালে। বাংলাদেশের পাশাপাশি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে নিজেদের সম্ভাব্য সেরা দল পাঠাচ্ছে ভারতও। র্যাংকিংয়ের ভিত্তিতে এশিয়ান গেমসে সুযোগ পাওয়ায় সরাসরি কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়ন দল, যেখানে আছে নেপাল, মালয়েশিয়া ও ওমান।