নয়াদিল্লিতে ভবন ধসে ১ জনের মৃত্যু, ভেতরে আটকা বহু শিক্ষার্থী

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৭ পিএম
নয়াদিল্লিতে ভবন ধসে ১ জনের মৃত্যু, ভেতরে আটকা বহু শিক্ষার্থী

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ছয়তলা ভবন ধসে অন্তত একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।  এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এতে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে এখনো বহু শিক্ষার্থী আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ঘটনাস্থলে দিল্লি পুলিশ, ফায়ার সার্ভিস, ন্যাশনাল ডিস্ট্রিক্ট রেসপন্স ফোর্স এবং দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যৌথ উদ্ধার অভিযান চালাচ্ছে। ধ্বংসস্তূপ সরাতে একাধিক খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পর পরই দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডুসু) নির্বাচনী প্রচারণায় থাকা শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে আসেন এবং উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগেই বেশ কয়েকজনকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটিতে প্রায় ১৫টি রুম ছিল এবং এর নিচতলায় (বেসমেন্ট) সংস্কার কাজ চলছিল। কাজ চলার সময়ই হঠাৎ পুরো ভবনটি ধসে পড়ে।

পাশের ভবনের বাসিন্দারা জানান, ঘটনার সময় হঠাৎ ভূকম্পনের মতো অনুভূতি হয় এবং মুহূর্তের মধ্যেই ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাকবলিত ভবনের পাশের ভবনটি খালি করে ফেলা হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। ধসের কারণ জানতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে