রাঙ্গামাটির পর্যটন হলিডে কমপ্লেক্সের সিম্বল অব রাঙ্গামাটি খ্যাত পর্টনের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি কমে যাওয়ায় পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় বলে নিশ্চিত করেছেন পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা। তিনি জানান, কাপ্তাই হ্রদের পানি কিছুটা কমে আসায় সেতুর পাটাতন থেকে পানি নেমে যাওয়ায় আমরা শুক্রবার থেকে সেতু ঘষামাজা করে পর্যটকদের চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছে। আর শনিবার সকাল থেকে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। পর্যটকরা আবারও ঝুলন্ত সেতুর সৌন্দর্য উপভোগ করতে পারবেন বলে জানান তিনি।
এর আগে গত শনিবার কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়ে ঝুলন্ত সেতুর পাটাতন এক ফুট পর্যন্ত ডুবে গেলে নিরাপত্তার স্বার্থে ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে কর্তৃপক্ষ। হ্রদের পানি কমাতে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়ার পর ধীরে ধীরে হ্রদে পানি কমতে থাকে। এতে ছয় দিন পর শুক্রবার ঝুলন্ত সেতুর পাটাতন থেকে পানি নেমে সেতু দৃশ্যমান হয়। এরপর সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চললেও উৎসুক পর্যটকদের অনেকেই সেতুতে উঠে ঘুরে বেড়াচ্ছেন। রাঙ্গামাটি পর্যটন বোট ঘাটের ইজারাদার মো. ফখরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, রাঙ্গামাটির ঝুলন্ত সেতু পর্যটকদের অন্যতম আকর্ষণ। সেতুটি চালু হলে পর্যটক সমাগম আরও বাড়বে বলে আশা করছেন তারা।