নীলফামারী জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল হিসেবে পরিচিত সৈয়দপুরের নিয়ামতপুর বাস টার্মিনালটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। বছরের পর বছর সংস্কারের অভাবে টার্মিনালটির অবকাঠামো এখন জরাজীর্ণ। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদাপানিতে একাকার হয়ে পড়ে পুরো টার্মিনাল চত্বর। এতে চরম দুর্ভোগে পড়ছেন যাত্রী, পরিবহন শ্রমিক ও চালকেরা।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই বাস টার্মিনাল দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু যাত্রীদের জন্য নেই পর্যাপ্ত বসার ব্যবস্থা। নেই আধুনিক যাত্রীছাউনি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা। ফলে বাসের অপেক্ষায় থাকা নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের দীর্ঘসময় দাঁড়িয়ে থাকতে হয়।
সৈয়দপুরের নিয়ামতপুরে অবস্থিত এ টার্মিনালটি থেকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, ডিমলা, ডোমার, চিলাহাটি, পার্বতীপুরসহ বিভিন্ন রুটে প্রতিদিন শতাধিক বাস চলাচল করে। উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্র হওয়া সত্ত্বেও টার্মিনালটির উন্নয়ন ও সংস্কারে কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে। বর্ষা এলেই দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করে। টার্মিনাল চত্বরে জমে থাকা পানি ও কাদার কারণে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করাই কঠিন হয়ে পড়ে। অনেক সময় যাত্রীদের হাঁটুসমান কাদা মাড়িয়ে বাসে উঠতে কিংবা টার্মিনাল থেকে বের হতে হয়। এতে পোশাক নষ্ট হওয়া ছাড়াও দুর্ঘটনার আশঙ্কা থাকে।
নীলফামারী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম মজনু বলেন, “টার্মিনালটি প্রতিষ্ঠার পর এর দেখভালের দায়িত্বে ছিল জেলা প্রশাসন। পরে এটি সৈয়দপুর পৌরসভার আওতায় চলে যায়। এরপর থেকে পৌরসভা টার্মিনালটি দেখভাল করছে। কিন্তু কয়েক যুগ পেরিয়ে গেলেও টার্মিনালটির উল্লেখযোগ্য কোনো সংস্কার হয়নি।
তিনি আরও বলেন,ভরা বর্ষায় টার্মিনাল চত্বর কাদায় ভরে যায়। হাঁটু কাদা পেরিয়ে যাত্রীদের গন্তব্যে যেতে হয়। যাত্রীদের দুর্ভোগ কমাতে দ্রুত টার্মিনালটি সংস্কার করা জরুরি। নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, “দীর্ঘদিন সংস্কার না হওয়ায় টার্মিনালটির বেহাল অবস্থা বিরাজ করছে। প্রতিদিন হাজার হাজার যাত্রী ও পরিবহন শ্রমিক এখানে আসা-যাওয়া করেন। টার্মিনালটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।
সংশ্লিষ্টদের মতে, জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল হিসেবে নিয়ামতপুর বাস টার্মিনালের গুরুত্ব অনেক। অথচ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এর সুযোগ-সুবিধা দিন দিন কমে যাচ্ছে। একটি গুরুত্বপূর্ণ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়েও এমন দুরবস্থা যাত্রীসেবার মান নিয়েই প্রশ্ন তুলছে। যাত্রীদের দাবি, টার্মিনাল চত্বর উঁচু করে স্থায়ীভাবে সংস্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থা, যাত্রীছাউনি নির্মাণ, বসার স্থান ও প্রয়োজনীয় অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করা হোক। একই সঙ্গে নিয়মিত রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হলে যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে।