পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে গায়েব ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৬, ০১:০৪ পিএম
পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে গায়েব ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা

চট্টগ্রাম নগরের খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তারে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় ইটপাটকেল ও ককটেলসদৃশ বিস্ফোরক নিক্ষেপ এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ হামলায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তার বডিগার্ডসহ পুলিশের অন্তত ছয় সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের সুযোগ নিয়ে এবং বাসার ভেতরের একটি গোপন সুড়ঙ্গপথ ব্যবহার করে পরিবারের সহযোগিতায় পালিয়ে গেছেন ওই সন্ত্রাসী।

খুলশী থানার ওয়্যারলেস কলোনির মোহাম্মদ জাবেদের ছেলে ওয়াকিল হোসেন দীর্ঘদিন ধরে ওই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছেন বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে জোরপূর্বক তুলে নিয়ে মারধর এবং কলেজের অধ্যক্ষকে ভিডিও কলে রেখে নির্যাতনের একটি ঘটনা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ওই ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর আসামি ওয়াকিল হোসেনকে ধরতেই শুক্রবার ভোররাত সাড়ে চারটার দিকে খুলশীর ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় অভিযানে নামে পুলিশ।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছামাত্র ওয়াকিল হোসেনের অনুসারীরা রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে। এরপর পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল, বোতল এবং ককটেলসদৃশ বিস্ফোরক নিক্ষেপ করা হয়। সন্ত্রাসীদের হামলায় খুলশী থানার ওসির সরকারি গাড়িটি ভাঙচুর ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আত্মরক্ষার্থে ৩ থেকে ৪টি সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে। এই হামলায় ওসির হাতসহ ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য আহত হন। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে