হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। নতুন চারজনের মৃত্যু নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৯৮৩ জনে।
বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের হিসাবে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে তিনজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৮৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ জন। সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৯৮৩ জনের।
একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৩৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। আর ৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ১৮৪ জন। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৪৪৭ জনের শরীরে।
এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪০ হাজার ৪৭২ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৪১৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যানে মৃত ও আক্রান্তদের বয়সভিত্তিক তথ্য আলাদাভাবে দেওয়া হয়নি। তবে রোগতত্ত্ববিদদের মতে, হাম সব বয়সী মানুষের হতে পারে, যদিও শিশুরাই এ রোগে বেশি আক্রান্ত হয়।