পবায় পুলিশ ছাত্রদল নেতাকে না চেনায় থানার সামনে মশাল মিছিল

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ২ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫০ পিএম | প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫০ পিএম
পবায় পুলিশ ছাত্রদল নেতাকে না চেনায় থানার সামনে মশাল মিছিল
রাজশাহীর পবা উপজেলায় ছাত্রদলের নেতা হিসেবে পরিচিত এক তরুণকে পুলিশ চিনতে না পারার কারণে থানার সামনে মশাল মিছিল ও বিক্ষোভ-সমাবেশ হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধায় দারুশায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার থানার সামনে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভে বক্তব্য দেন সাদমান সাকিব। তার বাড়ি পবা উপজেলার দারুশা রাধানগর গ্রামে। তিনি জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত ১৫ আগস্ট ওই পদ থেকে পদত্যাগ করেন। বর্তমানে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং জেলা ছাত্রদলের পদপ্রত্যাশী। তবে ছাত্রদলে এখনো তার কোনো পদ নেই। সাদমান সাকিবের অভিযোগ, গত ২৮ আগস্ট একটি বিয়ের অনুষ্ঠান শেষে মধ্যরাতে তার দুই কর্মী নাজমুল ও রেফাজুল তাকে বাড়িতে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে ফিরছিলেন। শিশাপাড়া ঈদগাহের সামনে কর্ণহার থানা পুলিশের একটি দল তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। এ সময় উজ্জ্বল নামের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) তাদের হয়রানি করেন এবং সাদমানকে কটূক্তি করেন বলে অভিযোগ তার। সাদমান বলেন, ‘পুলিশকে জানানো হয়েছিল তারা আমাকে বাসায় নামিয়ে দিয়ে ফিরছেন। এরপরও তল্লাশির নামে তাদের হয়রানি করা হয় এবং আমাকে কটূক্তি করা হয়।’ মশাল মিছিলের পর সমাবেশে সাদমান বলেন, ‘বয়স কম দেখে আমাদের হালকাভাবে দেখার সুযোগ নেই। সন্দেহ হলে পুলিশ থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। কিন্তু পুলিশের আচরণ খারাপ ছিল।’ এ সময় তিনি স্থানীয় বিএনপির কিছু নেতার সমালোচনা করেন এবং পুলিশি হয়রানির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আরএমপি কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন। অভিযোগের বিষয়ে কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। আরএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, থানার সামনে মশাল মিছিল ও সমাবেশের ভিডিও তিনি দেখেছেন। পরে বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হয়েছে। তিনি জানান, সাদমানের দুই কর্মী রাত ১টার পর মোটরসাইকেলে ফিরছিলেন। টহল পুলিশ তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তারা সাদমান সাকিবকে বাসায় নামিয়ে দিয়ে আসার কথা জানান। এএসআই উজ্জ্বল পুলিশকে বলেছেন, তিনি সাদমান সাকিবকে চেনেন না। এ ঘটনাকে কেন্দ্র করেই বিক্ষোভ-সমাবেশ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান আরএমপির এই পুলিশ কর্মকর্তা।
আপনার জেলার সংবাদ পড়তে