সাতক্ষীরার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপণ উৎসব

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬, ০৫:৫৬ পিএম
সাতক্ষীরার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপণ উৎসব

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বিশ্ব গড়ার লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮ নম্বর কেরালকাতা ইউনিয়নে এক অনন্য গাছ লাগানোর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ আগস্ট (রবিবার) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৩:৩০ মিনিট পর্যন্ত ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই চারা বিতরণ ও রোপণ কার্যক্রম পরিচালনা করা হয়। ​কেরালকাতা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত ) সুযোগ্য চেয়ারম্যান সোনিয়া লায়লা নার্গিস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  প্রতিটি প্রাইমারি স্কুলের শিক্ষকদের মাঝে চারাগাছ পৌঁছে দেওয়া হয় এবং স্কুল প্রাঙ্গণে তা রোপণ করা হয়। দিনব্যাপী এই উৎসবমুখর চারা রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন-​কেরালকাতা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত ) সুযোগ্য চেয়ারম্যান সোনিয়া লায়লা নার্গিস, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকা, কচি-কাঁচা শিক্ষার্থীবৃন্দ, ইউনিয়ন পরিষদের সকল গ্রাম পুলিশ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ​উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান সোনিয়া লায়লা নার্গিস বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। আজ যে ছোট চারাটি আমরা রোপণ করছি, কাল তা বড় হয়ে আমাদের আগামী প্রজন্মকে ছায়া ও অক্সিজেন দেবে। পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রতিটি সন্তানকে একটি করে গাছের দায়িত্ব নিতে হবে। ​কর্মসূচি চলাকালে বিদ্যালয় প্রাঙ্গণগুলোতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। খুদে শিক্ষার্থীরা মহা উৎসাহে চেয়ারম্যান ও শিক্ষকদের সাথে হাত মিলিয়ে চারা রোপণে অংশ নেয়। স্থানীয় সুশীল সমাজ ইউনিয়ন পরিষদের এই সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে