সালমানের পক্ষে লড়তে বিদেশি আইনজীবীর আবেদন

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬, ১২:০০ পিএম
সালমানের পক্ষে লড়তে বিদেশি আইনজীবীর আবেদন
ছবি: সংগ্রহীত

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের আইনজীবী গ্রায়েম এল. হল। বার কাউন্সিল আবেদনটি গ্রহণ করেছে ২৪ আগস্ট। তবে বিদেশি এই আইনজীবীকে মামলায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

রোববার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সালমান এফ রহমানের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি জানান, তাঁর সঙ্গে কাজ করার জন্য গ্রায়েম এল. হল বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন।

বাংলাদেশ বার কাউন্সিলের সচিবের কাছে দেওয়া আবেদনে গ্রায়েম এল. হল সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াই করার অনুমতি চেয়েছেন। আবেদনের সঙ্গে নিজের প্রোফাইল ও অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্রও সংযুক্ত করেছেন তিনি।

মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ১২ জানুয়ারি সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্র।

অভিযোগ অনুযায়ী, সালমান এফ রহমান ও অপর আসামি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ধারাবাহিক নির্দেশনা ও কর্মকাণ্ডের ফলে জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর-১, মিরপুর-২, মিরপুর-১০ ও মিরপুর-১৩ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের সশস্ত্র হামলায় বহু ছাত্র-জনতা নিহত হন। এসব সহিংসতা ও নির্যাতন বন্ধে তাঁরা কার্যকর কোনো পদক্ষেপ নেননি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ মামলায় জুলাই আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে সালমান এফ রহমান ও আনিসুল হক সরাসরি জড়িত ছিলেন বলে প্রসিকিউশনের অভিযোগ। মামলার অভিযোগে আরও বলা হয়েছে, ১৯ জুলাই তাঁদের মধ্যে ফোনে কথোপকথন হয়। ওই ফোনালাপের বিষয়টিও মামলার অভিযোগে তুলে ধরা হয়েছে।

বর্তমানে সালমান এফ রহমানের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন মুনসুরুল হক চৌধুরী। তাঁর সঙ্গে যুক্তরাজ্যের লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের আইনজীবী গ্রায়েম এল. হলকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বার কাউন্সিলের অনুমোদন পাওয়া গেলে গ্রায়েম এল. হল সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াইয়ে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ বিষয়ে এখন বার কাউন্সিলের সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে