নীলফামারীতে পূর্ব দলীরাম উচ্চ বিদ্যালয় ও পূর্ব দলীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের প্রশংসা করেন এমপি মুনতাকিম। একই সঙ্গে সন্তানদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অভিভাবকদের উদ্দেশে হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, সন্তানদের সৎ, নীতিবান ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোরদের মধ্যে মোবাইল ফোন ও বিভিন্ন ডিজিটাল ডিভাইসের প্রতি অতিরিক্ত আসক্তি উদ্বেগের বিষয়। সন্তানরা যেন প্রযুক্তির অপব্যবহারে জড়িয়ে না পড়ে এবং মাদকের মতো ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে দূরে থাকে, সেদিকে অভিভাবকদের কঠোর নজর রাখতে হবে।
তিনি আরও বলেন, সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত এসব কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করতে হবে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস তৈরি হবে। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সমন্বয় বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন সংসদ সদস্য। তিনি শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি হাফেজ আব্দুল মুনতাকিম। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।