“পরিচ্ছন্ন বাবুগঞ্জ, সবুজ আমাদের অহংকার, সবার আগে বাংলাদেশ ; এটাই হোক অঙ্গীকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে।
উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সের সহযোগিতায় চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এসব ডাস্টবিন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আসমা উল হুসনা বলেন, দীর্ঘদিন ধরে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একটি সুন্দর, স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এর সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত হতে হবে।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। বিদ্যালয়ের আঙিনায় যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস তৈরি করতে পারলে তা তাদের পরিবার ও সমাজেও ছড়িয়ে পড়বে।
ইউএনও আরও বলেন, পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি সুস্থ ও নিরাপদ জীবনযাপনের অন্যতম শর্ত। বাবুগঞ্জকে একটি পরিচ্ছন্ন ও সবুজ উপজেলা হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ডাস্টবিনগুলো যথাযথভাবে ব্যবহারের পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের মধ্যে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানান। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বিডি ক্লিনের সদস্যবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে একটি করে ডাস্টবিন প্রদান করা হয়েছে। বিদ্যালয়গুলোর আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।