দুটি কিডনি নষ্ট, বাঁচার আকুতি লিবিয়া ফেরত শংকর সরকারের

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৬, ১০:০৬ পিএম
দুটি কিডনি নষ্ট, বাঁচার আকুতি লিবিয়া ফেরত শংকর সরকারের

পরিবারের ভাগ্য ফেরাতে ভিটেমাটির জমিজমা বিক্রি করে ছয় বছর আগে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নান্দুরকান্দির ৩৪ বছর বয়সী শংকর সরকার। সেখানে কঠোর পরিশ্রমের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসা পরীক্ষায় ধরা পড়ে, তার দুটি কিডনিই বিকল হয়ে গেছে। বাধ্য হয়ে শূন্য হাতে দেশে ফিরতে হয় তাকে।

বর্তমানে জীবন বাঁচাতে প্রতি মাসে ৮টি ডায়ালাইসিস করাতে হচ্ছে শংকরকে। এতে মাসে প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়। ডাক্তার দেখানো, ওষুধ ও অন্যান্য চিকিৎসা ব্যয় মিলিয়ে কোনো কোনো মাসে খরচ দাঁড়ায় দেড় লাখ টাকা পর্যন্ত। শংকর ছিলেন পরিবারের আয়ের অন্যতম প্রধান ভরসা। তার মা দীর্ঘদিন ধরে প্যারালাইজড হয়ে শয্যাশায়ী। ফলে অসচ্ছল পরিবারটির পক্ষে শংকরের চিকিৎসার ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

শংকরের বাবা হরি সরকার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “অভাব দূর করার জন্য ছেলেটা জমিজমা বিক্রি করে বিদেশ গিয়েছিল। এখন তার দুই কিডনি নষ্ট। ছেলেটাকে বাঁচাতে সরকারের ও বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন করছি।”

স্থানীয় ইউপি সদস্য রিয়াদ হোসেন বলেন, শংকরের পরিবারের অবস্থা অত্যন্ত করুণ। তার চিকিৎসা চালিয়ে নিতে সমাজের বিত্তবান ব্যক্তি ও সরকারি সহায়তা জরুরি। চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক সুমন মজুমদার বলেন, প্রবাসে গিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখা শংকর আজ চিকিৎসার অভাবে অসহায়। তার চিকিৎসার জন্য দ্রুত আর্থিক সহায়তা প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, শংকরের পরিবারকে জেলা সমাজসেবা কার্যালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি নীতিমালার আওতায় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহায়তা সম্ভব, তা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে