কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের বাবুগঞ্জ উপজেলা শাখার কার্যালয়ের সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়-এর নামসংবলিত ১৫ আগস্টের একটি ব্যানার ঝুলতে দেখা গেছে। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহধর্মিণীর ছবি এবং ‘শোক থেকে জাগরণ, জাগরণ থেকে প্রত্যাবর্তন’ লেখা রয়েছে।
বুধবার ২৬ আগস্ট সকাল থেকে প্রকাশ্যে দিনের আলোয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ব্যানারটি ঝুলতে দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের কার্যালয়ের সামনে এ ধরনের ব্যানার কীভাবে প্রকাশ্যে টানানো হলো, এ নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বুধবার সকাল থেকেই বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ব্যানারটি দৃশ্যমান ছিল। তবে কে বা কারা এটি টানিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ। তারা রাতের আঁধারে এসব নিষিদ্ধ কর্মকাণ্ড চালানোর চেষ্টা করে। আমরা এসবের বিরুদ্ধে সোচ্চার রয়েছি। প্রশাসনকে বিষয়টি জানিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দ্রুত শনাক্ত করা হবে। বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের একটি তথ্য ও ভিডিও দেখতে পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে এমন কোনো আলামত পাওয়া যায়নি। তারপরও সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিষয়টি উঠে এসেছে, তা আমরা খতিয়ে দেখছি।
বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আলাউল হাসান বলেন, এ ধরনের তথ্য আমার কাছে জানা নেই। তবে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে কেউ দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। ঘটনা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, নিষিদ্ধ সংগঠনের কার্যালয়ের সামনে প্রকাশ্যে এমন ব্যানার টানানোর ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা এবং প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ব্যানারটি কারা, কখন এবং কী উদ্দেশ্যে টানিয়েছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।