৬৫ বিলিয়ন ছাড়ালো অ্যানথ্রপিকের আয়

এফএনএস প্রযুক্তি | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৬, ০২:১৮ পিএম
৬৫ বিলিয়ন ছাড়ালো অ্যানথ্রপিকের আয়

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের আয় দ্রুত বাড়ছে। চলতি বছরের জুলাইয়ের শেষে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় ৬৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। গত মে মাসে এই আয় ছিল ৪৭ বিলিয়ন ডলার। আর ২০২৫ সালের শেষ দিকে ছিল ৯ বিলিয়ন ডলার। ব্লুমবার্গের প্রতিবেদনের বরাত দিয়ে টেকক্রাঞ্চ জানিয়েছে, অ্যানথ্রপিকের বিনিয়োগকারীরা আশা করছেন, বছরের বাকি সময়েও প্রতিষ্ঠানটির আয় একই গতিতে বাড়বে। সে হিসাবে ২০২৬ সালের শেষে অ্যানথ্রপিকের বার্ষিক আয় ১০০ থেকে ১২০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বাজারে অ্যানথ্রপিকের প্রধান প্রতিদ্বন্দ্বী ওপেনএআইও দ্রুত বাড়ছে। ২০২৫ সালের শেষে ওপেনএআইয়ের বার্ষিক আয় ছিল ২০ বিলিয়ন ডলার। চলতি বছরের হিসাবে তা বেড়ে ৪০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে ব্লুমবার্গ জানিয়েছে। তবে দুই প্রতিষ্ঠান আয় হিসাবের ক্ষেত্রে একই পদ্ধতি ব্যবহার করে কি না, তা স্পষ্ট নয়। তারপরও অ্যানথ্রপিকের আয়ের প্রবৃদ্ধি বিনিয়োগকারীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে। অ্যানথ্রপিক ও ওপেনএআই - দুই প্রতিষ্ঠানই শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার জন্য গোপনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে। ধারণা করা হচ্ছে, অ্যানথ্রপিকই আগে শেয়ারবাজারে আসতে পারে। এমনকি চলতি বছরই প্রতিষ্ঠানটির শেয়ারবাজারে প্রবেশের সম্ভাবনা রয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে টেকক্রাঞ্চ জানিয়েছে, শেয়ারবাজারে প্রবেশের সময় অ্যানথ্রপিকের মূল্যায়ন ২ ট্রিলিয়ন ডলার বা তার বেশি হতে পারে। সেটি হলে এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় শেয়ারবাজারে অভিষেক। এর আগে মে মাসে নতুন করে ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহের সময় অ্যানথ্রপিকের মূল্যায়ন করা হয়েছিল ৯৬৫ বিলিয়ন ডলার। মাত্র কয়েক মাসের ব্যবধানে প্রতিষ্ঠানটির আয় ও সম্ভাব্য বাজারমূল্যে বড় ধরনের পরিবর্তন কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগের আগ্রহের বিষয়টিই সামনে আনছে।

আপনার জেলার সংবাদ পড়তে