নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার অভিযোগে চক্রের ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে উপজেলার মহারাজপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মহারাজপুর মধ্যপাড়ার মো. বাবুল আহম্মেদ (২৮), মো. ওমর ফারুক (১৯), আব্দুলপুর বাঁশবাড়িয়া এলাকার মো. সাব্বির হোসেন ওরফে শান্ত (২২) এবং মহারাজপুর মধ্যপাড়ার মো. মাহফুজ হোসেন (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মহারাজপুর মধ্যপাড়ায় অভিযান চালায়। এ সময় একটি টিনশেড ঘর থেকে ওই ৪জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিংসহ বিভিন্নভাবে প্রতারণার সঙ্গে জড়িত। লালপুর থানার রেকর্ডপত্র যাচাই করে লালপুর থানার অফিসার ইনচার্জ
(ওসি) শফিকুল ইসলাম জানান, আটক বাবুল আহম্মেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা ২০২১ সালের ১১ জুন এবং অপরটি ২০২০ সালের ২০ জুন লালপুর থানায় দায়ের করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দাযের করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) তাদের আদালতে সোপর্দ করা হয়।