ঈশ্বরদীতে যোগদানের পরই উধাও কর্মচারী, তবুও নিয়মিত পান বেতন

এফএনএস (সেলিম আহমেদ; ঈশ্বরদী, পাবনা) : | প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬, ০৭:৫৮ পিএম
ঈশ্বরদীতে যোগদানের পরই উধাও কর্মচারী, তবুও নিয়মিত পান বেতন

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসে যোগদানের পর দীর্ঘদিন কর্মস্থলে না গিয়েও চাকরিতে বহাল এবং নিয়মিত বেতন-ভাতা পাওয়ার অভিযোগ উঠেছে অফিস সহায়ক শরিফুল ইসলামের বিরুদ্ধে। হাজিরা খাতায় যোগদানের দিন ছাড়া তার আর কোনো স্বাক্ষর পাওয়া যায়নি বলে জানিয়েছে অফিস কর্তৃপক্ষ। তবে শরিফুল ইসলামের দাবি, তিনি সংযুক্তির আদেশে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় দায়িত্ব পালন করছেন।

অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের ১২ মার্চ মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসে অফিস সহায়ক হিসেবে যোগদান করেন শরিফুল ইসলাম। কিন্তু যোগদানের পর থেকে তাকে আর ওই অফিসে দেখা যায়নি। হাজিরা খাতায়ও যোগদানের দিনের পর তার কোনো স্বাক্ষর পাওয়া যায়নি।

এর আগে শরিফুল ইসলাম ঈশ্বরদী পৌর ভূমি অফিসে কর্মরত ছিলেন। সেখানেও তিনি নিয়মিত দায়িত্ব পালন করতেন না বলে অভিযোগ রয়েছে। মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা বিপুল কুমার জোয়াদ্দার বলেন, শরিফুল ইসলাম চলতি বছরের ১২ মার্চ আমাদের অফিসে যোগদান করেছেন। এরপর থেকে তিনি আর অফিসে আসেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে ঈশ্বরদী পৌর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, আমি চলতি বছরের ২০ জানুয়ারি এখানে যোগদান করেছি। যোগদানের পর শুনেছি, শরিফুল ইসলাম নামে একজন অফিস সহায়ক এখানে পোস্টিংয়ে ছিলেন। তবে আমার দায়িত্ব পালনকালে তাকে কখনো অফিসে দেখিনি। আমি তাকে চিনি না। হাজিরা খাতাতেও তার কোনো নাম বা স্বাক্ষর নেই। অভিযোগের বিষয়ে জানতে চাইলে শরিফুল ইসলাম বলেন, আমি আগে ডিসি অফিসে ছিলাম। এখনো ডিসি অফিসেই আছি। মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসে বদলির পর সেখানে যোগদান করে আবার ডিসি অফিসে চলে এসেছি। আমার সংযুক্ত বদলির আদেশ আছে।

তিনি আরও বলেন, ঈশ্বরদী পৌর ভূমি অফিসেও আমার সংযুক্তি ছিল। আমি জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখায় দায়িত্ব পালন করছি। এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার বলেন, শরিফুল ইসলাম আগে ঈশ্বরদী পৌর ভূমি অফিসে কর্মরত ছিল। নিয়মিত অফিস না করার অভিযোগে তাকে মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসে যাওয়ার পরও সে নিয়মিত অফিস করে না। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে