দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে ২ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কেনার অনুমতি দিয়েছে সরকার। সোমবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪১তম সভায় এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে এলএনজি আমদানির এই প্রস্তাবটি সভায় উপস্থাপন করেছিল। সভায় সর্বমোট ১৩টি প্রস্তাব নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অনুমোদিত ক্রয় পরিকল্পনা অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার পোসকো আন্তর্জাতিক করপোরেশন থেকে ১৩-১৪ সেপ্টেম্বর সময়ের জন্য এক কার্গো এলএনজি কেনা হবে। এক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ গ্যাসের দাম পড়বে ২৪.৬২৫ মার্কিন ডলার। এছাড়া যুক্তরাজ্যের টোটাল এনার্জি থেকে ২৩-২৪ সেপ্টেম্বর সময়ের জন্য আরও এক কার্গো এলএনজি কেনা হবে, যার প্রতি এমএমবিটিইউ দাম নির্ধারণ করা হয়েছে ২৪.২৫ মার্কিন ডলার।