২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য ও প্রস্তাব দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।
তিন সাংবাদিকের বিরুদ্ধে গত ১৭ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন। এর ধারাবাহিকতায় তাদের ২৪ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলাটিতে তাদের গ্রেপ্তারও দেখানো হয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, শ্যামল দত্ত বর্তমানে জুলাই গণঅভ্যুত্থানসংক্রান্ত একটি মামলায় নিম্ন আদালতের আদেশে কারাগারে রয়েছেন। মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে হেফাজতের সমাবেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলাগুলোতে কারাগারে থাকা অবস্থায় তাদের নতুন এই মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হলো।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিক প্রশ্ন করার নামে উসকানিমূলক বক্তব্য ও প্রস্তাব দিয়েছিলেন। প্রসিকিউশনের দাবি, ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই শেখ হাসিনা আন্দোলনকারীদের ‘রাজাকার’, ‘রাজাকারের বাচ্চা’ ও ‘রাজাকারের নাতি-পুতি’ বলেছিলেন।
তবে সংবাদ সম্মেলনে প্রশ্ন করাকেই অপরাধ হিসেবে দেখা হচ্ছে না বলে জানান প্রসিকিউটর তামিম। তাঁর ভাষ্য, সাংবাদিকদের প্রশ্ন করা দায়িত্বের অংশ। অভিযোগ হচ্ছে, ওই সময় কিছু নির্দিষ্ট সাংবাদিক নিয়মিত তৎকালীন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে উপস্থিত হতেন এবং তাদের বক্তব্য শুধু প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ থাকত না।
প্রসিকিউটরের অভিযোগ, এসব বক্তব্যের মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রীর প্রশংসা এবং তাকে দিয়ে নির্দিষ্ট কিছু কথা বলানোর জন্য উসকানিমূলক প্রস্তাবও ছিল। প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, এসব বক্তব্য ও প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়েছে।
তিন সাংবাদিকের বিরুদ্ধে এই মামলাটি কোনো পুরোনো মামলার অংশ নয় বলেও জানিয়েছে প্রসিকিউশন। এটি নতুন করে করা ‘মিস কেস’ বা বিবিধ মামলা। এতে ১৪ জুলাইয়ের উসকানি ও প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। মামলাটি এখনো তদন্তাধীন।
এর আগে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ আগস্ট ট্রাইব্যুনাল-২ তিন সাংবাদিকের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন। তাদের অন্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখা থাকায় এই মামলায় হাজির করার জন্য ওই ওয়ারেন্ট জারি করা হয়।
শ্যামল দত্ত জাতীয় প্রেস ক্লাবের তৎকালীন সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক ছিলেন। মোজাম্মেল বাবু একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক এবং ফারজানা রুপা একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ছিলেন।
মামলাটিতে রাষ্ট্রপক্ষের অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির জন্যই সোমবার তাদের হাজির করা হয়েছে।