কুড়িগ্রামে অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে মানববন্ধন

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৬, ০৩:১৩ পিএম
কুড়িগ্রামে অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের রাজারহাটে সরকারি ঘর বরাদ্দকে কেন্দ্র করে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য প্রচার ও কথিত অপসাংবাদিকতার প্রতিবাদে আবারও  বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি ঘর বাতিল এবং অভিযোগগুলো তদন্তের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। অপসাংবাদিকতা বন্ধ না করলে লাগাতার আন্দোলন কর্মসূচী চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। রোববার (২৩ আগস্ট) দুপুরে রাজারহাট উপজেলা শহরের ট্রাফিক মোড়ে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন আশিকুল ইসলাম টুটুল, হান্নান হোসেন, জাকারিয়া খান বিটন, কাদের, আমিনুর রহমানসহ অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, আসাদ-আরিফসহ কয়েকজন ব্যক্তি সরকারি ঘর বরাদ্দ নিয়ে অপসাংবাদিকতা করছেন। এতে স্থানীয় মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

বক্তারা আরও বলেন, নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ডিগ্রি কলেজে কর্মরত আসাদুজ্জামান আসাদের কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিয়েও স্থানীয়ভাবে ওঠা অভিযোগ তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে তার ভাই আরিফুল ইসলাম রাজারহাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজে কর্মরত থাকার পাশাপাশি প্রায় এক মাস আগে রাজারহাটের পাঠানহাট মহিলা দাখিল মাদ্রাসায় যোগদান করেছেন এমন অভিযোগেরও সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা।

তারা আরও বলেন, একজন ব্যক্তি একই সময়ে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকতে পারেন কি না এবং কর্মস্থলে উপস্থিতির ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই করা প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা রাজারহাট বাজারের সংশ্লিষ্ট সরকারি ঘর বাতিলের দাবি জানান। পাশাপাশি সরকারি সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। সম্প্রতি একই অভিযোগে অভিযুক্ত আসাদ ও আরিফের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।

আপনার জেলার সংবাদ পড়তে