ব্যাটারিচালিত অটোরিকশা

নিয়ন্ত্রণ ছাড়া বিপর্যয় অনিবার্য

এফএনএস | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৬, ০৭:৫৭ পিএম
নিয়ন্ত্রণ ছাড়া বিপর্যয় অনিবার্য

সাশ্রয়ী ভাড়া ও সহজলভ্যতার কারণে সাধারণ মানুষের কাছে দ্রুত জনপ্রিয় হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা। একই সঙ্গে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। কিন্তু এই যানবাহনের কাঠামোগত দুর্বলতা, চালকদের প্রশিক্ষণের অভাব এবং লাইসেন্সবিহীন চলাচল সড়কে ভয়াবহ ঝুঁকি তৈরি করছে। অটোরিকশার হালকা কাঠামোয় অতিরিক্ত ক্ষমতার মোটর যুক্ত করা হয়, ফলে ব্রেকিং সিস্টেম ব্যর্থ হয় এবং গতি নিয়ন্ত্রণ সম্ভব হয় না। চালকদের কোনো প্রশিক্ষণ নেই, লাইসেন্সের প্রয়োজন নেই—ফলে সড়কে শৃঙ্খলা ভেঙে পড়ছে। এ ছাড়া ব্যাটারি চার্জিংয়ে অবৈধ বিদ্যুৎ ব্যবহার এবং ব্যাটারি বর্জ্য ব্যবস্থাপনার অভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়ছে। আমাদের মতে, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করা সমাধান নয়। বরং এগুলোকে নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনতে হবে। চালকদের জন্য প্রশিক্ষণ ও লাইসেন্স বাধ্যতামূলক করতে হবে। যানবাহনের কাঠামোগত মানোন্নয়ন নিশ্চিত করতে হবে, যাতে ফিটনেস সনদ ছাড়া কোনো অটোরিকশা সড়কে নামতে না পারে। একই সঙ্গে সড়ক ও এলাকা নির্ধারণ করে দিতে হবে, যাতে মহাসড়কে দ্রুতগতির যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলতে না পারে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো পরিবেশ সুরক্ষা। ব্যাটারি উৎপাদন ও বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর নীতি গ্রহণ করতে হবে। চার্জিং ব্যবস্থাকে বৈধ ও নিরাপদ করতে হবে। জীবাশ্ম জ্বালানির যুগ শেষ হয়ে আসছে; ভবিষ্যতে ব্যাটারিচালিত যানই হবে প্রধান বাহন। তাই এখনই মানোন্নয়ন ও নিয়ন্ত্রণ নিশ্চিত করা জরুরি। আমাদের প্রত্যাশা, সরকার সময়োপযোগী নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত অটোরিকশাকে নিরাপদ, পরিবেশবান্ধব ও সুশৃঙ্খল বাহনে রূপান্তরিত করবে। কর্মসংস্থান রক্ষা করেও জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।