উত্তরবঙ্গের দুই কৃতিসন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি এবং অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার খবরে কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় শহরের সবুজ পাড়ায় জেলা বিএনপি কার্যালয় থেকে বিশাল একটি আনন্দ মিছিল বের হয়ে ঘোষাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার পৌর বাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম কলেজ মোড়ের দোয়েল চত্বরে এসে পথসভার মাধ্যমে শেষ হয় । পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায় অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ। আনন্দ মিছিলে জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কমীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, রাজপথের লড়াকু, পরীক্ষিত ও ত্যাগী নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে উপযুক্ত পদে মূল্যায়ন করে কুড়িগ্রামবাসীকে সম্মানিত করা হয়েছে। সংকটকালে দলের জন্য তাঁর অবদান ও ত্যাগ চিরস্মরণীয়। এমন যোগ্য নেতৃত্বকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় তৃণমূলের পক্ষ থেকে দলের শীর্ষ নেতৃত্বের প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
আনন্দ মিছিল ও পথসমাবেশে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।