গাজীপুরের কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর গ্রামে দায়ের কোপে নিহত অজ্ঞাতনামা সত্তোরোর্ধ্ব বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার পর মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের মেঠোপথের নির্জন স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
উপজেলার আড়াল বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের শিমুলতলী সড়কের ফাঁকা জায়গায় অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ পড়ে আছে ৯৯৯ এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করি। ওই বৃদ্ধের মাথায় দায়ের কোপের চিহ্ন রয়েছে। তার মুখে পাকা লম্বা দাঁড়ি, পরনে নীল সাদা চেক লুঙ্গি ও গায়ে গোলাপি রঙের একটি ফতোয়া পরিহিত। এখনো পর্যন্ত কেউ তাদের স্বজন বলে লাশটি শনাক্ত করেন নি। লাশটি থানায় নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ তার নিহতের বিষয়ে এখনো কোন স্পষ্ট কারণ শনাক্ত করতে পারেনি।
তবে স্থানীয়রা ওই বৃদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশা চালক বলে ধারণা করছেন। রাতের বেলা তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে ওই বৃদ্ধ চালককে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন। কেউ কেউ আবার ওই বৃদ্ধ স্থানীয় মাদক কারবারিদের ছুরির আঘাতে নিহত হয়েছেন বলেও ধারণা করছেন।