কাপাসিয়ায়

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতি সভা

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর
| আপডেট: ২১ আগস্ট, ২০২৬, ১২:৩৪ পিএম | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৬, ১২:৩৪ পিএম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতি সভা
গাজীপুরের কাপাসিয়ায় "প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬" সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক এ সভায় সভাপতিত্ব করেন। সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকারের পরিচালনায় দীর্ঘ আলোচনায় প্রতিযোগিতা সফল ভাবে বাস্তবায়ন করতে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। সভায় জানানো হয়, আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে 'প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬' আনুষ্ঠানিকভাবে শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন। একই দিনে দেশব্যাপী একযোগে স্থানীয় পর্যায়েও এই টুর্নামেন্টের কার্যক্রম শুরু হবে। কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ এবং সকল শ্রেণিপেশার লোকজনের উপস্থিতিতে ও অংশগ্রহণে প্রতিযোগিতা মূলক উপভোগ্য খেলা উপহার দেয়া হবে বলে আয়োজক কমিটি আশাবাদী। প্রতিযোগিতার বিস্তারিত সময়সূচি (ফিকচার) পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল ভ্যেনু আহ্বায়কদের নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ে মোট ৩২টি দল অংশ নেবে (মাধ্যমিক ও কলেজ পর্যায়ে বালক ও বালিকা দল)। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রেজিস্ট্রেশন ফর্ম জমা দিতে হবে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় স্তরে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা পরিচালনা ও সুষ্ঠুভাবে সংগঠন করার জন্য নীতিমালার আলোকে রেজিস্ট্রেশন ফরম পূরণপূর্বক সকল কাগজপত্র সংযুক্ত করে অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের অগ্রায়ণপত্র সহ ফুটবল টিম গঠন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট ইতিমধ্যে জমা দেয়া হয়েছে। উপজেলা পর্যায়ের বিজয়ী দলের সকল কাগজপত্র জেলা পর্যায়ে প্রেরণ করতে হবে। এবিষয়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের যোগ্যতা, খেলোয়াড়ের যোগ্যতা, প্রতিযোগিতা পরিচালনা কমিটি, খেলার নিয়ম কানুন, দল গঠন, খেলোয়াড়দের তালিকা, খেলার জার্সি ও বুট, খেলোয়াড় বদল, রেফারি, ফিকচার, খেলার ভেন্যু-তারিখ ও সময়, অংশগ্রহণের ব্যর্থতা, মেডিকেল টিম, শৃঙ্খলা ও আপীল উপ-কমিটি, অভিযোগ-আপত্তি, আপীল, পাতানো খেলা, পুরস্কার, খেলা স্থগিত-পরিত্যক্ত, শৃঙ্খলা সম্পর্কীয় অপরাধ ও শাস্তি সহ নানাবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহন করা হয়। ইতিমধ্যে প্রয়োজনীয় বিষয়ে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্থানীয় সংসদ সদস্য প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
আপনার জেলার সংবাদ পড়তে