ম্যাকাই টেস্টের আগে আত্মবিশ্বাসী টাইগাররা

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ০৮:২৩ পিএম
ম্যাকাই টেস্টের আগে আত্মবিশ্বাসী টাইগাররা

ডারউইন টেস্টে ইতিহাস লিখে এবার ম্যাকাই টেস্টে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অজিদেরকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। দেশের ক্রিকেট ইতিহাসের সেরা জয় পেয়ে স্বাভাবিকভাবেই বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। ডারউইনে ইতিহাস লেখা শেষে এবার ম্যাকাইয়ে টাইগাররা। ইতিহাসের পাতাটা আরেকটু স্বর্ণাক্ষরে খচিত করার সুযোগ বাংলাদেশের সামনে। যদিও আহত বাঘ অজিরা ঝাঁপিয়ে পড়বে নিজেদের সর্বোচ্চটা দিয়ে। তবুও আরও একবার, আরও একটি ঐতিহাসিক জয়ের বিশ্বাস তো রাখতেই পারে বাংলাদেশ। প্রথম টেস্ট জিতেই তো পায়ের নিচে মাটি শক্ত করেছে টাইগাররা। সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সও দলের আত্মবিশ্বাস বাড়ার বিষয়টি নিয়ে কথা বলেছেন। সিমন্স বলেছেন, ‘আসলে টেস্ট ম্যাচ জিতলে কিছু আত্মবিশ্বাস তো পাবেনই। আমরা ভালো খেলেছি। ভালো একটি টেস্ট ম্যাচ জিতেছি। ফলে আত্মবিশ্বাস অনেক বেশি আছে।’ নিজের কোচিং ক্যারিয়ারের সেরা জয় কিনা এমন প্রশ্নের জবাবে ফিল সিমন্স বলেছেন, ‘অবশ্যই আমার কোচিং ক্যারিয়ারের সেরা টেস্ট জয়। অন্য ফরম্যাটে কিছু বড় জয় ছিল। তবে টেস্ট ক্রিকেটই সেরা।’ অস্ট্রেলিয়াতে ঐতিহাসিক জয়ের আগে জিম্বাবুয়েতে ইনিংস ব্যবধানে টেস্ট ম্যাচ হেরেছিল বাংলাদেশ। সেই হারের পর কী পরিবর্তন করেছেন এমন প্রশ্নের জবাবে প্রধান কোচ ফিল সিমন্স বলেছেন, ‘আসলে অনুশীলন সেশনগুলো তো আমি দেখি। ৩ দিনের প্রস্তুতি ম্যাচের সময় আমাদের অনুশীলন, টেস্ট ম্যাচের আগের অনুশীলন সবকিছুই আমার দেখা। আমাদের কাজ আসলে কখনওই পরিবর্তন হয়নি। যদিও আমরা (প্রস্ততি ম্যাচে) ৫৪ রানে অলআউট হয়েছি, আমাদের কাজে কোনো বদল আসেনি। এগুলোই আসলে আমাকে আত্মবিশ্বাস এনে দেয়। আমাকে বিশ্বাস দেয় যে, তারা ভালো কিছু করতে চায়। ফলে কোনো না কোনো সময়ে (সাফল্য) ধরা দেবেই।’ বাংলাদেশের দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবেন কি? সিমন্সের জবাব, ‘বাংলাদেশে সবসময় প্রত্যাশা আছে। আমরা আগে বেশ কিছু টেস্ট ম্যাচ জিতেছি তবে মাঝে আবার জিম্বাবুয়ের কাছে হেরেছিলাম। তবে এমন প্রত্যাশা সবসময়ই থাকে। এখানে কিছু বদল আসেনি। এখন প্রত্যাশা কিছুটা বেশি হয়ত, তবে প্রত্যাশা সবসময়ই থাকে।’ ম্যাচে সেশন ধরে খেলার ব্যাপারে সিমন্স বলেছেন, ‘প্ল্যান হচ্ছে ব্যাট করে যাওয়া। টেস্ট ক্রিকেট পাঁচ দিনের খেলা। যদি আমাদের দল ৫ দিনের মধ্যে ৩ দিনই ব্যাট করতে পারে, তাহলে অবশ্যই অন্য দল চাপে থাকবে। ফলে আমি এভাবেই শিখেছি। ব্যাট করতে গিয়ে রান পেতেই হবে, প্রথম ইনিংসে বড় রান পেতে পারলে সবসময় ভালো, তখন অন্য দল চাপে পড়বে। এটাই আমরা চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি প্রথম ইনিংসে যেন বড় রান তুলতে পারি, যেন অন্য দলকে আমাদের রানের কাছাকাছি যেতে অনেক কষ্ট করতে হয়।’ ড্রেসিংরুমে কী বার্তা দিয়েছেন প্রধান কোচ? ফিল সিমন্স বলেছেন, ‘বাংলাদেশের মানুষ আসলে ইমোশনাল। আমি সেরকম নই। ফলে আমার জন্য ইমোশন আটকে রাখাটা সহজ। তাদের জন্য কঠিন। আজকে দেখে মনে হয়েছে সবাই এখন ভালোভাবে কাজে ফিরে এসেছে। আমাদের ৩ দিন হয়ে গেছে ম্যাচ জেতার পর, আশা করছি কালকে সবাই আরও ভালোভাবে কাজে ফিরবে এবং পরের টেস্টে পুরো মনোযোগ দিতে পারবে।’ আগামীকাল শনিবার মাঠে গড়াচ্ছে ম্যাকাই টেস্ট। সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট দল।