সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ০৪:৪৫ পিএম
সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানের বহুল আলোচিত ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভবিষ্যতে সংবিধান সংশোধন হলে ৭০ অনুচ্ছেদেও পরিবর্তন আসবে। এরপর যে রাষ্ট্রপতি নির্বাচন হবে, সেটি সংশোধিত বিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন দুপুর ২টায় জাতীয় সংসদকক্ষে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।

৭০ অনুচ্ছেদে পরিবর্তনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “ভবিষ্যতে সংবিধানের যে সংশোধনী আসবে, ৭০ ধারাতেও পরিবর্তন আসবে। জুলাই জাতীয় সনদে আমরা যেভাবে একমত হয়েছি, সেভাবে ৭০ অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায়, তার পরবর্তী সময়ে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে, তখন সেই ৭০ অনুচ্ছেদ অনুসারেই হবে। কিন্তু এখনো তো সংবিধান সংশোধন হয়নি।”

বর্তমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য নিজ দলের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হয়ে যাওয়ার বিধান রয়েছে। দীর্ঘদিন ধরে এই বিধান নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক রয়েছে।

বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশ ও ভোট দেওয়ার সুযোগ সীমিত হয়। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনসংক্রান্ত যে সংসদীয় কমিটি গঠন করা হয়েছে, তাতে বিরোধী দলের সদস্যরা এখনো যোগ দেননি। তবে ভবিষ্যতে সংশোধনী এলে ৭০ অনুচ্ছেদেও পরিবর্তন হবে।

জুলাই জাতীয় সনদে ৭০ অনুচ্ছেদ নিয়ে রাজনৈতিক সমঝোতার বিষয়টিও তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, ওই সমঝোতায় চারটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অর্থবিল ও আস্থা ভোটের ক্ষেত্রে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ থাকবে না, এ বিষয়ে দলগুলোর মধ্যে মোটামুটি ঐকমত্য রয়েছে।

অন্যদিকে সংবিধান সংশোধনসংক্রান্ত বিল এবং যুদ্ধপরিস্থিতিতে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ থাকবে কি না, এ দুটি বিষয়ে বিএনপির পক্ষ থেকে ভিন্নমত রয়েছে বলে জানান তিনি। এসব ক্ষেত্রে সংসদ সদস্যরা দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন, এমন অবস্থানের কথা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গেও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রায় ৩৫ বছর পর দেশে সাংবিধানিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। এবার বিরোধী দলের পাশাপাশি সরকারি দলেরও প্রার্থী রয়েছে।

“গণতান্ত্রিক ধারায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন হওয়াটা উচিত। আশা করি, দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে এবং এর মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের আবার নতুনভাবে সূচনা হবে,” বলেন সালাহউদ্দিন আহমদ।

তবে চলমান রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদের নতুন কোনো বিধান কার্যকর হচ্ছে না বলে স্পষ্ট করেন তিনি। কারণ এখনো সংবিধান সংশোধন হয়নি। ফলে বর্তমান সংবিধানের বিধান অনুযায়ীই এবারের নির্বাচনে সংসদ সদস্যরা নিজ নিজ দলের সিদ্ধান্ত অনুসারে ভোট দেবেন।

আপনার জেলার সংবাদ পড়তে