ডিজিটাল প্রযুক্তির প্রসার আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি নতুন এক ভয়াবহ সংকটও তৈরি করেছে অনলাইন প্রতারণা। সামাজিক যোগাযোগমাধ্যম, ই-কমার্স, মোবাইল ব্যাংকিং কিংবা ই-মেইল- প্রতিটি প্ল্যাটফর্মেই প্রতারক চক্র সক্রিয়। তারা কখনো ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে, কখনো লোভনীয় অফারের নামে, আবার কখনো পরিচিত প্রতিষ্ঠানের ছদ্মবেশে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। প্রতারণার ধরনও দিন দিন বদলাচ্ছে। একসময় যেখানে এসএমএস বা ফোন কলের মাধ্যমে প্রতারণা হতো, এখন তা আরও জটিল হয়ে উঠেছে। ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট, হ্যাকড অ্যাকাউন্ট কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ভুয়া ছবি ও ভিডিও- সবই প্রতারণার নতুন হাতিয়ার। অনেক ক্ষেত্রে দেখা যায়, প্রতারকরা ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের নাম ব্যবহার করে গ্রাহকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। একবার তথ্য হাতে পেলেই তারা মুহূর্তে টাকা হাতিয়ে নিচ্ছে। সমপ্রতি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদনে উঠে এসেছে, শুধু বাংলাদেশেই প্রতিদিন হাজারো মানুষ অনলাইন প্রতারণার শিকার হচ্ছেন। বিশেষ করে তরুণ ও বয়স্ক মানুষরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তরুণরা চাকরি বা বিদেশে পড়াশোনার সুযোগের লোভে প্রতারিত হচ্ছেন, আর বয়স্করা ভুয়া লটারি বা পুরস্কারের প্রলোভনে ফাঁদে পড়ছেন। এ সংকট মোকাবিলায় শুধু আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতা যথেষ্ট নয়। প্রয়োজন বহুমুখী উদ্যোগ। প্রথমত, ডিজিটাল সচেতনতা বাড়াতে হবে। স্কুল-কলেজ থেকে শুরু করে কর্মক্ষেত্র পর্যন্ত সবাইকে অনলাইন নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। দ্বিতীয়ত, সাইবার আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। প্রতারকদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত না হলে এ অপরাধ আরও বাড়বে। তৃতীয়ত, প্রযুক্তি কোম্পানি ও ব্যাংকগুলোকে তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। গ্রাহকের তথ্য সুরক্ষায় আধুনিক এনক্রিপশন ও মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন বাধ্যতামূলক করা জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নাগরিকদের সতর্ক থাকা। অচেনা লিংকে ক্লিক না করা, অজানা নম্বর থেকে আসা কল বা বার্তায় ব্যক্তিগত তথ্য না দেওয়া, এবং লোভনীয় অফারে প্রলুব্ধ না হওয়া- এসব সাধারণ সতর্কতাই অনেক বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। আমরা মনে করি, অনলাইন প্রতারণা এখন আর শুধু ব্যক্তিগত ক্ষতির বিষয় নয়, বরং জাতীয় নিরাপত্তার প্রশ্ন। কোটি মানুষের অর্থনৈতিক ক্ষতি যেমন ভয়াবহ, তেমনি দেশের ডিজিটাল অগ্রযাত্রার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই সরকার, প্রযুক্তি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। ডিজিটাল যুগে নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়ন ও অগ্রগতি দুটোই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। অনলাইন প্রতারণা রোধে সচেতনতা, কঠোর আইন প্রয়োগ এবং প্রযুক্তিগত সুরক্ষা- এই তিনটি স্তম্ভই হতে হবে আমাদের প্রতিরক্ষা।