পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ (চাটমোহর) এর আওতাধীন ৬টি উপজেলায় ঘন্টায় ঘন্টায় বিদ্যুতের লোডশেডিং আর প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বিক্ষুব্ধ গ্রাহকরা দ্রুত সমাধান দাবি করেছেন। ক্ষুব্ধ গ্রাহকরা লোডশেডিংয়ের কারণে পল্লী বিদ্যুৎ সমিতির এক মিটার রিডারকে আটক করে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়েছে। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর দাশুড়িয়া জোনাল অফিসে র্কমরত মিটার রিডার আইনুল হককে আটকে রাখে গ্রাহকরা। পাবনা পবিস-১ এর গ্রাহকরা অভিযোগ করেন,গত কয়েকদিন ধরে প্রতি ঘন্টায় লোডশেডিং হচ্ছে। এতে প্রচন্ড গরমে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দূর্ভোগে পড়েছেন সমিতির আওতাভুক্ত চাটমোহর,ভাঙ্গুড়া,ফরিদপুর,আটঘরিয়া,ঈশ্বরদী (আংশিক) ও পাবনা সদর (আংশিক) উপজেলার হাজার হাজার গ্রাহক। একই সাথে বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’ নিয়েও অনেক গ্রাহক হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ। চাটমোহরের নাসির উদ্দিন,পান্টু মিয়া,মাসুদ রানা,মতিউর রহমান,জীবন আলীসহ অনেক গ্রাহতরা বলেন,অতিরিক্ত লোডশেডিংয়ে তারা দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি বিলসংক্রান্ত বিভিন্ন সমস্যায়ও সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। এই সমিতির আওতাধীন এলাকায় অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। এ বিষয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার সাকির হোসেন জানান,চাহিদার তুলনায় সরবরাহ কম পাওয়ায় লোডশেডিং চলছে। এটা স্থানীয় নয়,জাতীয় সমস্যা।