এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটের (বিএসআরআই) আওতাধীন স্বনামধন্য ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়। সোমবার (১০ আগস্ট) এ বিষয়টি নিশ্চিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসানুজ্জামান।
তিনি জানান, বিদ্যালয়টি থেকে অংশ নেওয়া ৫১ জন শিক্ষার্থীর সকলেই উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন।
তবে বেশি সংখ্যক জিপিএ-৫ পাওয়া শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। এ বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ১৭৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ১৫০ এবং জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন শিক্ষার্থী। পাসের হার ৮০ দশমিক ২৩ ভাগ। এ ছাড়া আরএআরএস উচ্চ বিদ্যালয়ের ৭৬ জন শিক্ষার্থীর মধ্যে পাস ৭১ ও ফেল করেছে ৫ জন। জিপিএ-৫ পেয়েছে ২৬ জন। পাসের হার শতকরা ৯৩ দশমিক ৪২ শতাংশ। বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঈশ্বরদী ইপিজেডের ৩৪ জনের মধ্যে পাস করেছে ৩৩ জন শিক্ষার্থী। অকৃতকার্য হয়েছে ১ জন। এ প্লাস ১১, এ গ্রেড ১৬ ও এ মাইনাস পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৬ জন। শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে এ তথ্য জানা যায়। সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পরীক্ষার ফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার পর থেকে ঈশ্বরদীর বিদ্যালয়গুলোতে ফল জানার জন্য শিক্ষার্থী ও অভিভাবকরা ভিড় করেন। এসএসসি পরীক্ষায় ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ের ফলাফল শতভাগ হওয়ায় বিএসআরআইয়ের মহাপরিচালক (ডিজি) ড. কবির উদ্দিন আহমেদ বলেন, শিক্ষক সংকটসহ নানা সমস্যা থাকার পরও এ ফলাফল আমাদের জন্য আনন্দের। আমাদের চেষ্টা থাকবে শিক্ষক সংকট দূর করা। ভবিষ্যতে ফলাফল যেন আরও ভালো হয় সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩ হাজার ২৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস ২ হাজার ২৭৭ ও অকৃতকার্য হয়েছে ৯৮৫ জন পরীক্ষার্থী। এ ছাড়া মাদরাসার ৪০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস ২০৩ ও অকৃতকার্য ২০১ এবং কারিগরির ৬১১ জনের মধ্যে পাস ৩৭৯ এবং ফেল করেছে ২৪০ জন।