অভয়নগরে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৬, ০৬:০৮ পিএম
অভয়নগরে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

যশোরের অভয়নগরে ১ হাজার ৪১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন মোল্যা (৩২) ও আকাশ বিশ্বাস (৩০) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেঙ্গল রেলগেট এলাকায় মডেল কলেজসংলগ্ন হাফিজুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

শনিবার দুপুর ১টায় বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার আফিসার্স ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান। 

গ্রেপ্তারকৃত সুমন মোল্যা উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের ফারুক মোল্যার ছেলে এবং আকাশ বিশ্বাস একই গ্রামের ওসমান বিশ্বাসের ছেলে। তারা দুজনে বেঙ্গল রেলগেট এলাকায় মডেল কলেজসংলগ্ন হাফিজুর রহমানের বাড়ির ভাড়াটিয়া হিসাবে বসবাস করেন। প্রাথমিক যাচাইয়ে তাদের বিরুদ্ধে অভয়নগর থানায় একাধিক মাদক মামলা থাকার তথ্য পেয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্ততে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বেঙ্গল রেলগেট এলাকায় মডেল কলেজসংলগ্ন হাফিজুর রহমানের বাড়ির ভাড়াটিয়া সুমন মোল্যা ও আকাশ বিশ্বাসের ঘরে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১ হাজার ৪১৭ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ছোড়া(চাকু) ও মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়। 

অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘এক হাজার ৪১৭পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই কারবারির বিরুদ্ধে অভয়নগর থানায় ৭টি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরণের অভিয়ান অব্যাহত থাকবে।’

আপনার জেলার সংবাদ পড়তে