কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চলমান অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, ফেয়ারডিল সিরাপ, ডেক্সামেথাসন ট্যাবলেট ও পাতার বিড়িসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এসব অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৫,৯৬,৮১৮/- (পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার আটশত আঠারো) টাকা।
কুষ্টিয়া এর অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাচারিপাড়া ফুটবল মাঠে অভিযান পরিচালনা করে মোঃ আশিক মিয়া (২২) কে আটক করা হয়। এ সময় তার নিকট হতে ভারতীয় ১ বোতল মদ, ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল ফোন এবং বাংলাদেশি নগদ ৫৩৮/- টাকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২,৬৮,১২৮/- টাকা। ৮ আগস্ট জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জয়পুর মাঠপাড়ায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২০,০০০/- টাকা।
৮ আগস্ট প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার প্রাগপুর কবরস্থান নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ১৫৮ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩,০৮,৬৯০/- টাকা। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় অবৈধ কর্মকান্ড প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।