রাজধানীর সবুজবাগে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করা হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত করতে বিশেষজ্ঞ দলের সহায়তায় কাজ করছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে সবুজবাগ এলাকার কালভার্ট ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহের মাথা ও দুই হাত পাওয়া গেছে। তবে দেহের বাকি অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। খণ্ডিত মরদেহ দেখে এটি একজন নারীর বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি, দুই থেকে তিন দিন আগে ওই নারীকে হত্যা করা হয়েছে। তার নাম পরিচয় এখনো জানা যায়নি।”
ওসি আরও জানান, ঘটনাস্থলে বিশেষজ্ঞ দলকে ডাকা হয়েছে। নিহতের হাতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।