সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর ঘোষণা

১,৭০০ কোটি টাকার উন্নয়ন রোডম্যাপ, সেপ্টেম্বরে শুরু কাজ

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৬, ১২:৩১ পিএম
১,৭০০ কোটি টাকার উন্নয়ন রোডম্যাপ, সেপ্টেম্বরে শুরু কাজ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ হাজার ৭০০ কোটি টাকার সমন্বিত উন্নয়ন রোডম্যাপ ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী। তিনি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর থেকেই এ উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন শুরু হবে। প্রথম ধাপে ৫০০ কোটি টাকা ব্যয় করা হবে সড়ক অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও শিক্ষা খাতের সংস্কারকাজে। বুধবার (৫ আগস্ট) সীতাকুণ্ড পৌরসভার ঐতিহাসিক এল কে সিদ্দিক স্কয়ারে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

আসলাম চৌধুরী বলেন, সীতাকুণ্ডকে আধুনিক, পরিকল্পিত ও উন্নত উপজেলায় রূপান্তরের লক্ষ্যেই এ মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, আশ্বাসের রাজনীতি নয়, বাস্তব কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই। তাঁর ঘোষিত রোডম্যাপে উপজেলার যোগাযোগ ব্যবস্থা, নাগরিক সুবিধা, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি জানান, ১ হাজার ৭০০ কোটি টাকার এ উন্নয়ন কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে ৫০০ কোটি টাকার উন্নয়নকাজ শুরু হবে। পরবর্তী ধাপে সীতাকুণ্ডের সার্বিক উন্নয়নে আরও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

সমাবেশে আসলাম চৌধুরী আরও ঘোষণা দেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সীতাকুণ্ডের দুইজন জুলাই যোদ্ধাকে প্রতি বছর তাঁর ব্যক্তিগত অর্থায়নে দুইজন মেধাবী শিক্ষার্থীকে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য পূর্ণাঙ্গ স্কলারশিপ দেওয়ার কথা জানান তিনি। আহত ও শহীদ পরিবারের সন্তানদের জন্য স্থায়ী শিক্ষাবৃত্তি তহবিল গঠনের কথাও উল্লেখ করেন। নিজের দীর্ঘ কারাজীবনের স্মৃতিচারণ করে আসলাম চৌধুরী বলেন, ২০১৬ সালে গ্রেপ্তারের পর দীর্ঘ নয় বছর বিভিন্ন কারাগারে বন্দি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রাম কারাগারে সম্ভাব্য সংঘাতের সময় তিনি কারা বিদ্রোহ দমন করেন এবং পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে মুক্তি লাভ করেন। উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। সমাবেশ শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে আসলাম চৌধুরীর নেতৃত্বে একটি বিজয় র‌্যালি বের হয়ে সীতাকুণ্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আপনার জেলার সংবাদ পড়তে