‘প্রত্যেকের হাতেই গণমাধ্যম, চাইলেই শেখ হাসিনার বক্তব্য শুনতে পারবেন’: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০২:৩৭ পিএম
‘প্রত্যেকের হাতেই গণমাধ্যম, চাইলেই শেখ হাসিনার বক্তব্য শুনতে পারবেন’: রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার সমালোচনা করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, এখন গণমাধ্যম শুধু টেলিভিশন চ্যানেল বা সংবাদপত্রের মধ্যে সীমাবদ্ধ নেই। মানুষের হাতেই গণমাধ্যম রয়েছে। তাই কেউ চাইলে শেখ হাসিনার বক্তব্য শুনতে পারবেন। একই সঙ্গে তিনি মনে করেন, শেখ হাসিনা দেশে ফিরে আসবেন।

বুধবার (৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রুমিন ফারহানা। সরাইল উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার বিষয়ে রুমিন ফারহানা বলেন, “গণমাধ্যম শুধু ২৬টি টেলিভিশন চ্যানেল নয়। এখন প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে। যে শুনতে চায়, সে শুনতে পারবে। এভাবে কারও বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না।”

তিনি বলেন, শেখ হাসিনার আমলেও তারেক রহমানের বক্তব্য আদালতের আদেশে প্রচার নিষিদ্ধ ছিল। “সেটা যদি গণতন্ত্র না হয়, তাহলে এটিই বা কীভাবে গণতন্ত্র হয়?” প্রশ্ন রাখেন তিনি।

শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের রাজনীতিতে তার পরিবারের দীর্ঘদিনের ভূমিকা রয়েছে। তার পরিবারকে সপরিবারে হত্যার কথাও উল্লেখ করেন তিনি।

রুমিন ফারহানার ভাষ্য, শেখ হাসিনার বয়স হয়েছে। তিনি দেশে ফিরে না এলে তার দলের ভবিষ্যৎ কী হবে কিংবা তার দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের কী পরিণতি হবে, এসব বিবেচনায় তার মনে হয় শেখ হাসিনা দেশে ফিরে আসবেন।

সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজসহ বিভিন্ন স্থানে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের বিষয়ে রুমিন ফারহানা বলেন, এসব ঘটনা দেশের নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিফলন। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর নিজেদের ছাত্রসংগঠনের ওপর নিয়ন্ত্রণের অভাবও এতে প্রকাশ পাচ্ছে।

তার মতে, এসব ঘটনার মধ্য দিয়ে আবারও পুরোনো রাজনৈতিক সংস্কৃতির দিকে ফিরে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এদিকে রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় সরাইল উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বয়কট করে স্থানীয় বিএনপি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিএনপিকে তো মানতে হবে, মানুষ আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য বানিয়েছে। এই কঠিন সত্যটা তাদের মেনে নিতে হবে।”

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খাঁ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়াসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে