বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০২:২৪ পিএম
বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

বরিশালের বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, উপজেলা কৃষি কর্মকর্তা মুহা. আব্দুর রউফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম ফকির, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন খান এবং বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ. ন. মা. আব্দুল হালিম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান হাওলাদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন, রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সুমন শিকদার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনের সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা সময়ের দাবি। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আহত বীর যোদ্ধাদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সম্মাননা স্মারক প্রদান ও সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে