পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থীর

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৬, ০৭:২৮ পিএম
পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থীর

লক্ষ্ণীপুরে পুকুরে গোসল করতে নেমে আব্দুল হামিদ (৬) নামে প্রথম শ্রেণির স্কুল ছাত্র মারাগেছেন। সোমবার (৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের সরকার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের নিরাপত্তায় পুকুর বা জলাশয়ের আশপাশে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। নিহত আব্দুল হামিদ একই এলাকার কাচারিবাগের মুদি ব্যবসায়ী আব্দুর রহিমের ছেলে এবং স্থানীয় পলিগণ স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে হামিদ অপর এক শিশুর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে অপর শিশু পুকুর থেকে উঠে এলেও হামিদ আর ফিরে আসেনি। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লক্ষ্ণীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লক্ষ্ণীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বলেন, পানিতে ডুবে যাওয়া অবস্থায় এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

আপনার জেলার সংবাদ পড়তে