পিরোজপুরে মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কাউখালী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া এলাকায় রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. মোস্তফার নেতৃত্বে এসআই আশিক সহ একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাইউল হক (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাইউল হক কাউখালী উপজেলার জিবগা সাতুরিয়া গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে।
এদিকে সোমবার রাত ২টায় কাউখালী থানা পুলিশ এসআই রহমতুল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে কাউখালী উপজেলার ০১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের পূর্ববেতকা এলাকার মোঃ আবু সুফিয়ানের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে রনজিৎ চন্দ্র মাঝি (৫৪) নামে অপর এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি কাউখালী থানার সোনাকুর গ্রামের মৃত রমেশ চন্দ্র মাঝির ছেলে।
অভিযানকালে রনজিৎ চন্দ্র মাঝির কাছ থেকে গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, জেলা পুলিশের মাদকবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযানগুলো চালানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।