বালুভর্তি বস্তায় ছিল বোমা, হঠাৎ বিস্ফোরণে তিনজন দগ্ধ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৬, ০২:৪৩ পিএম
বালুভর্তি বস্তায় ছিল বোমা, হঠাৎ বিস্ফোরণে তিনজন দগ্ধ

বালু ভর্তি বস্তার মধ্যে ছিলো বোমা। হঠাৎ করে একটি বোমা বিস্ফোরণের ঘটনায় নারী-শিশুসহ তিনজন গুরুত্বর দগ্ধ হয়েছেন।  তাদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৩ আগস্ট) সকাল ছয়টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে।

আহতরা হলেন-ওই গ্রামের শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি বেগম ও নাতি ফাহিম। আহতদের প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আলম হাওলাদারের বাড়ির পাশে রাখা বালুভর্তি একটি বস্তার কাছে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় ওই স্তান দিয়ে হেঁটে যাওয়া উল্লেখিত তিনজন দগ্ধ হন।বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহসহ পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন। শাহ আলম হাওলাদারের ছেলে জামাল জানান, বালুভর্তি বস্তার মধ্যে থাকা একটি বোমা বিস্ফোরিত হলে তার মা, বোন ও ভাগ্নের শরীরে আগুন ধরে যায়। তারা প্রাণ বাঁচাতে বাড়ির সামনে থাকা তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে বোমাটি সেখানে কীভাবে এসেছে, সে বিষয়ে তাদের পরিবারের কোনো ধারণা নেই। বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। ওসি আরও জানিয়েছেন, এ ঘটনায় সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে