দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে গ্রেপ্তার ২

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) :
| আপডেট: ২ আগস্ট, ২০২৬, ১০:১২ পিএম | প্রকাশ: ২ আগস্ট, ২০২৬, ১০:১২ পিএম
দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে গ্রেপ্তার ২

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দুর্গাসাগর পর্যটন কেন্দ্র থেকে একটি হরিণ চুরির অভিযোগে কেন্দ্রটির কেয়ারটেকার মো. জামাল হোসেন এবং পাহারাদার-কাম-মালী অলিউল রহমান অলি-কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ২ আগস্ট বিকেলে এয়ারপোর্ট থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। ঘটনাটি জানাজানি হওয়ার পর বাবুগঞ্জসহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাসাগর পর্যটন কেন্দ্র থেকে একটি হরিণ চুরির অভিযোগে এয়ারপোর্ট থানায় দায়ের করা মামলা নং-০৫, জিআর-১৫৫ (তারিখ: ৭ আগস্ট ২০২৫), বাংলাদেশ দণ্ডবিধির ৩৮০ ধারায় রুজু করা হয়। মামলার প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, চুরি করা হরিণটি জবাই করে এর মাংস ভক্ষণ করা হয়েছে-এমন অভিযোগও তদন্তে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গাসাগর শুধু একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র নয়; এটি বরিশালের ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য সংরক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। সংরক্ষিত বন্যপ্রাণী চুরির অভিযোগ এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। এয়ারপোর্ট থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অন্য কোনো ব্যক্তি বা চক্রের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, দুর্গাসাগরের মতো একটি সরকারি সংরক্ষিত স্থানে এমন ঘটনা বন্যপ্রাণী সংরক্ষণ ও সরকারি সম্পদ রক্ষার বিষয়টিকে নতুন করে আলোচনায় এনেছে। সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে