সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নের সোনারকান্দী, ভটেরকান্দী ও নয়াপাড়া তিন গ্রামে গত বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল থেকে সন্ধ্যার মধ্যে শিয়াল লোকালয়ে ঢ়ুকে একের পর এক পথচারী ও বাড়ির আঙিনায় থাকা মানুষকে কামড় দেয়। এতে সোনারকান্দী গ্রামের দেলোয়ার হোসেন, লিটন, শিশু আব্দুল্লাহ, ভটেরকান্দী জামে মসজিদের ইমাম, মিনহাজ, আব্দুল হাই, এক বৃদ্ধা নারী এবং নয়াপাড়া গ্রামের গোলজার হোসেনসহ প্রায় ১৫ জন আহত হয়। এঘটনায় এলাকায় মুহূর্তেই শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত দেলোয়ার হোসেন জানসন, আমি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি শিয়াল এসে আমার পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটে। আহত লিটন বলেন, শিয়ালগুলো খুবই হিংস্র ছিল। একজনকে কামড়ে দৌড়ে গিয়ে আবার অন্যজনের ওপর হামলা করছিল। সবাই আতঙ্কে ছোটাছুটি শুরু করে।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুমাইয়া ইয়াকুব সাংবাদিকদের বলেন, শিয়ালের কামড়ে আহত সবাইকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। সম্প্রতি এলাকায় শিয়ালের উপদ্রব বেড়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। বন্যপ্রাণী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।